ঢাকা

হাসপাতালে ১০% বেড ও টেস্টে ৮০% ছাড়ের সিদ্ধান্ত ডেঙ্গু রোগীদের জন্য

  • নিউজ প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬ ইং
ডেঙ্গু নিয়ে অংশীদারদের সঙ্গে বৈঠক শেষে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী - ছবি সংগৃহিত ছবির ক্যাপশন: ডেঙ্গু নিয়ে অংশীদারদের সঙ্গে বৈঠক শেষে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী - ছবি সংগৃহিত

ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে চিরুনি অভিযান, হাসপাতালে বিশেষ ছাড়

ঢাকা, ২ জুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী চিরুনি অভিযান, লার্ভা ধ্বংস কার্যক্রম এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা ও পরীক্ষায় ছাড় দেওয়ার ঘোষণা এসেছে।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লার্ভা ধ্বংসে বিশেষ অভিযান

পরিত্যক্ত বাথরুম, ছাদ, গ্যারেজ ও জমে থাকা পানিকে মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত করে সেখানে বিশেষ রাসায়নিক ও লার্ভিসাইড ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সিটি করপোরেশনকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত ও জরিমানা

বাড়ির ছাদ, ড্রেন, ক্যানেল ও পুকুর নিয়মিত পরিষ্কার রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। অবহেলা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

চিকিৎসা ব্যবস্থা ও প্রশিক্ষণ

দেশের চিকিৎসকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে, যা ধাপে ধাপে ৬৪ জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত হবে। এছাড়া ডেঙ্গু ব্যবস্থাপনায় একটি প্রটোকল বুক প্রস্তুত করে দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিতরণ করা হবে।

বেসরকারি হাসপাতালে বিশেষ সুবিধা

ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি হাসপাতালগুলো মোট শয্যার ১০ শতাংশ বিনামূল্যে রাখবে। পাশাপাশি রোগ নির্ণয় পরীক্ষায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ডেঙ্গু ভ্যাকসিন বিষয়ে সিদ্ধান্ত

বর্তমানে বিশ্বজুড়ে ডেঙ্গু ভ্যাকসিন সর্বজনীনভাবে স্বীকৃত না হওয়ায় বাংলাদেশে আপাতত এর ব্যবহার শুরু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে আরও যাচাই-বাছাই শেষে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানানো হয়।

জনসচেতনতা ও গবেষণা

ডেঙ্গু প্রতিরোধে টেলিভিশন ও গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু গবেষণায় যুক্ত বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স